২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

যুগান্ত বার্তাঃ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারা এলাকার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

সরকারি সূত্র জানায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। মালুমঘাটে এই কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের কার্যক্রম শুরু হলো।

পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এ বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করবে।

প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মালুমঘাট সংরক্ষিত বনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং পরিবেশ সচিব রায়হান কাওছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’সহ একাধিক উদ্যোগ চালু করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাতেই কক্সবাজার থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Comments