বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ খালেদা জিয়া
যুগান্ত বার্তাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। শিশুটি ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মগ্রহণ করে। নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইলিয়াস আজিজ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেমের জন্য তার প্রতি পরিবারের গভীর শ্রদ্ধা রয়েছে। শিশুটির জন্মের দিন চারদিকে শোকের আবহ ছিল, সেই অনুভূতির প্রতিফলন হিসেবে তারা মেয়ের নাম রেখেছেন খালেদা জিয়া। তিনি বলেন, “আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা চাই মেয়েকে কোরআনের হাফেজ হিসেবে বড় করি।”
মা মারিয়ম লালুয়া জানিয়েছেন, নামকরণের পেছনে পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। তারা আশা করেন, এই শিশু নৈতিকতা ও আদর্শের সঙ্গে বড় হয়ে সমাজে এক উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। যদিও এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, তবুও এটি রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগকে প্রতিফলিত করছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগ প্রকাশ দেশের রাজনীতির প্রতি মানুষের ভালোবাসার পরিচয় বহন করে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।

Comments