নির্বাচনী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকার ১৩টি আসনে মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব আবেদন গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে ভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
মনোনয়ন প্রত্যাহারকারী ১৯ জন প্রার্থীর মধ্যে অধিকাংশই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০-দলীয় জোটের প্রার্থী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে করে ঢাকার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র কিছুটা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নির্বাচনকে ঘিরে সামগ্রিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতীক বরাদ্দের সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হবে। এর পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় পোস্টার, লিফলেট, সভা-সমাবেশসহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা কার্যক্রম চলবে এবং ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ আরও জোরালো হবে।
Comments