সহস্র কোটি টাকার আর্থিক বিনিয়োগ: ইনকিলাব মঞ্চ

যুগান্ত বার্তাঃ শহীদ উসমান হাদির হত্যায় আর্থিক ষড়যন্ত্র ও বিচারবঞ্চনার অভিযোগ উঠেছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।
শহীদ উসমান হাদি হত্যায় শত-সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু হাদির উপর নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, পতাকা এবং দেশের ওপরও আঘাত হিসেবে দেখা যায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের পর টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে আব্দুল্লাহ আল জাবের এ মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের চার্জশিটে মূল আসামিদের কেউ অন্তর্ভুক্ত করা হয়নি এবং যাঁদের আড়াল করতে চাওয়া হচ্ছে, রাষ্ট্র যদি তাদের আড়াল না করে, তবে তাদের লুকানোর আর কোনো পথ থাকে না।
তিনি উদাহরণ হিসেবে বলেন, গত ১৭ বছরে বিরোধী দলের যেকোনো নেতা ৪০ ফুট মাটির নিচে লুকিয়ে থাকলেও রাষ্ট্র তাকে খুঁজে বের করেছে, অথচ হাদির হত্যাকারীরা দেশের মধ্যেই রয়েছেন এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের রক্ষা করার চেষ্টা চলছে। এ কারণেই হাদির হত্যার বিচারের দাবিতে জনগণ রাজপথে নেমেছে।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, একজন মানুষকে হত্যা করতে শত কোটি টাকার প্রয়োজন হয় না; এক লাখ টাকাতেও নেশাগ্রস্ত কেউ হত্যা করতে পারে। তাই প্রশ্ন ওঠে, এই শত কোটি টাকা কোথায় গেছে, কারা বিনিয়োগ করেছে এবং কেন? তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ৫ জানুয়ারি ইনকিলাব কালচারাল সেন্টারে ২১ জনের একটি দল হাদিকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু চার্জশিটে শুধুমাত্র ফয়সাল, মাসুদ ও আলমগীরের নাম উল্লেখ রয়েছে। তাহলে ২১ জনের টিমের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র কিভাবে প্রতিষ্ঠিত হলো?
সমাবেশ শেষে তিনি বলেন, রাষ্ট্রের কর্তারাও হয়তো এই অন্যায়ের সঙ্গে যুক্ত এবং শহীদ উসমান হাদিরা মারা যাওয়ার পরও এই লড়াই দেশের জন্য চলবে।
Comments