রাষ্ট্রপতির পদে আসছেন মির্জা ফখরুল!

যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় কাটাচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে যে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির পদে নিয়োগ দেওয়া হতে পারে। গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নির্বাচিত হওয়ার পর প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই রাষ্ট্রপতির পদে তার আসন গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ঠাকুরগাঁও-১ আসনে তিনি বেসরকারিভাবে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শিক্ষাজীবন শেষ করে দীর্ঘদিন অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, পরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
২০১১ সালের মার্চে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং দলের কার্যক্রমে দীর্ঘ সময়ের নেতৃত্বের কারণে রাষ্ট্রপতির পদে তার প্রার্থিতা যথাযথ মনে হচ্ছে।
Comments