দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারেন বিপুলসংখ্যক মানুষ – হুঁশিয়ারি হুইপ

যুগান্ত বার্তাঃ সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি) বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি চলমান সংঘাত দ্রুত থামানো না যায়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারেন।
হুইপ আশরাফ উদ্দিন নিজান শুক্রবার (৩ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বজুড়ে চলমান সংঘাত কেবল আন্তর্জাতিক নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।
তিনি আরও সতর্ক করেন, যদি বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকে, তবে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। হুইপ নিজান বলেন, “আমাদের এখনই সচেতন হতে হবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।”
বক্তব্যে তিনি দেশের জনগণকে ধৈর্য্য ধারণের পাশাপাশি বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রস্তুতি নেওয়ার জন্য সতর্ক করেছেন, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
তিনি মনে করান, বৈশ্বিক সংঘাত কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তার ওপরেও গভীর প্রভাব ফেলতে পারে। তাই জনগণকে ধৈর্য, সচেতনতা এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।
হুইপ আশরাফ উদ্দিন নিজান এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে জনগণের সমন্বয় এবং প্রস্তুতির গুরুত্বের ওপরও জোর দেন। তিনি বলেন, সতর্কতা ও পরিকল্পনা ছাড়া বিপুলসংখ্যক মানুষকে হঠাৎ করে নিরাপদ স্থানে স্থানান্তর করতে গেলে বড় ধরনের মানবিক ও সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে।
Comments