রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্বে আসছেন স্পিকার!

যুগান্ত বার্তাঃ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পদটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বঙ্গভবনের দায়িত্ব গ্রহণ করেন। স্বাভাবিক নিয়মে ২০২৮ সালের এপ্রিলে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দায়িত্ব পালনকাল ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। তার মেয়াদেই ঘটে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ। এরপর অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এ ছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোরও নজির গড়েছেন মো. সাহাবুদ্দিন।
Comments