প্রধানমন্ত্রীর অনুমতি ঢাকায় ব্যাটারি চালিত অটো রিকশা চলবে: ওবায়দুল কাদের

যুগান্ত বার্তা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প-আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এ অনুমতি দিয়েছেন। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন। তবে ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওলামা লীগে চাঁদাবাজের স্থান নেই। ধর্মের নামে ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন, এরকম লোক আমাদের দরকার নেই।

তিনি বলেন, ওলামা লীগের ইতিহাস আমাদের জন্য খুব সুখকর নয়।

অতীতে যা দেখেছি, কারও সঙ্গে কারও মিল নেই। নেতায় নেতায় বিবেদ। দলের আদর্শপরিপন্থি সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখেছি। সত্যিকারের ওলামা দিয়ে সংগঠন করতে হবে। কোনো টাউট-বাটপাড় যেন অনুপ্রবেশ করতে না পারে।

ওবায়দুল কাদের বলেন, যেখানে সম্মেলন, সেখানেই কমিটি করতে হবে। দেরি হলে কলহ বাড়ে, মতবেদ বাড়ে। শেষ পর্যন্ত সে কমিটি অনিশ্চয়তায় পড়ে যায়। আমাদের দলের শৃঙ্খলা মেনে ওলামা লীগ করতে হবে। দলবিরোধী কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউ রেহায় পাবে না।

ওলামা লীগের সভাপতি মাওলানা কেএম আব্দুল মমিন সিরাজীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক প্রমুখ।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ