গাজীপুরের কেমিক্যাল ড্রাম বিস্ফরণে দগ্ধ ৪জন

গাজীপুরের কেমিক্যাল ড্রাম বিস্ফরণে দগ্ধ ৪জন

যুগান্ত বার্তাঃ গাজীপুরে একটি কেমিক্যাল কারখানায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ৪ জন। দগ্ধরা ওই কারখানার শ্রমিক। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ব্রিষ্টল ফার্মা নামের কারখানার এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪জন শ্রমিক নামাজ পড়তে ওযু করতে যায়। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে  পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। কিভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল‌। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ