সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ফের চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ফের চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

যুগান্ত বার্তাঃ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আবারও চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিনয় সেন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জ পৌর শহরের সতাল এলাকার মৃত নয়ন সেনের ছেলে।

রোগীর স্বজনদের অভিযোগ, বিনয় সেন রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কর্তব্যরত সিনিয়র নার্স আয়েশা ছিদ্দিকা একটি ইনজেকশন প্রয়োগ করার পর মাত্র ২-৩ মিনিটের মধ্যে বিনয় সেনের মৃত্যু হয়।

এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নিহতের ছেলে হৃদয় সেন জানান, তার বাবা কিছুদিন আগে ঢাকা থেকে হৃদরোগের চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। রোববার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসক ডা. মজিবুর রহমান তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থার উন্নতি হয়। কিন্তু সন্ধ্যায় ইনজেকশন প্রয়োগের পরপরই তার মৃত্যু ঘটে।

তিনি আরও অভিযোগ করেন, ইনজেকশন প্রয়োগের পরপরই দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান এবং চিকিৎসার প্রেসক্রিপশন গায়েব হয়ে যায়। স্বজনদের প্রশ্ন, রোগীর অবস্থার উন্নতি হলে হঠাৎ কেন তার মৃত্যু হলো এবং কোন ইনজেকশন প্রয়োগ করা হয়েছিল, তা কেন জানানো হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুকে স্বাভাবিক দাবি করলেও, মৃত্যুর পর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গায়েব হয়ে যাওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তারকে প্রত্যাহার করা হয়েছে এবং সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে একাধিকবার চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা