রাঙ্গাবালীতে তরুণীকে জোর করে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, নেপথ্যে পিতা!

যুগান্ত বার্তাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা ধরে জোরপূর্বক তুলে নেওয়ার ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে পারিবারিক বললেও এর পেছনে রাজনৈতিক কারণ থাকার ইঙ্গিত মিলেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৯ জুন) মধ্যরাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায়।
জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নীর সঙ্গে পাশের গ্রামের কামাল গাজীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে গত ২০ জুন তারা পালিয়ে বিয়ে করেন এবং তন্নী স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন।
শনিবার রাতে তন্নীর বাবা স্থানীয় কয়েকজন ব্যক্তিকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। এ সময় তন্নী বাবার বাড়িতে ফিরতে রাজি না হওয়ায় তাকে জোর করে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও ধারণ করে তার স্বামী কামাল গাজী ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওর ক্যাপশনে কামাল লেখেন, "আমার বাড়ি থেকে আমার কলিজা বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।" পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে কামাল গাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, "ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চান না যে তার মেয়ে একজন সক্রিয় ছাত্রলীগ কর্মীর (কামাল গাজী) সঙ্গে সংসার করুক। তাই তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেয়েকে ফিরিয়ে নিয়ে গেছেন।"
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
Comments