শুধু ক্ষমতা পরিবর্তন নয়, ভয় ভাঙাতেই জুলাই আন্দোলন হয়েছে: নাহিদ ইসলাম

যুগান্ত বার্তাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে।"
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের কথা শুনতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, "জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন এখনো সম্পন্ন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনের যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি, যেখানে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ করতে পারবে এবং নিজেদের অধিকারের কথা বলতে পারবে।"
সমাবেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য গাইবান্ধায় ইপিজেড ও শিল্প-কারখানা স্থাপনের দাবি জানান কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস। এছাড়া, তিনি গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করারও আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং সাদুল্যাপুর উপজেলা সদরে একটি পথসভায় অংশ নেন। গাইবান্ধায় সমাবেশ শেষে তারা পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।
Comments