মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করা সেই পিন্টুকে পুলিশে দিলেন বিএনপি নেতা ডা. বাচ্চু

যুগান্ত বার্তাঃ গাজীপুরের শ্রীপুরে আলোচিত চাঁদাবাজ ও সন্ত্রাসী জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে পিন্টুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
মিন্টু সম্প্রতি মাইকে ঘোষণা দিয়ে, মাথায় লাল কাপড় বেঁধে ও অস্ত্রের মহড়া দেখিয়ে একটি বাজারে চাঁদাবাজি করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন।
আটক জাহাঙ্গীর আলম মিন্টু (৪২) তেলিহাটি ইউনিয়নের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে চাঁদাবাজির ওই ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। সে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে, অথচ পুলিশ তাকে ধরতে পারছিল না। বুধবার সকালে আমার নেতাকর্মীদের মাধ্যমে তার আত্মগোপনের খবর পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছিল। ডা. বাচ্চু ফোন করে আসামি আটকের বিষয়টি জানালে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments