ভেড়ামারায় ব্র্যাক ব্যাংক এজেন্টকে কুপিয়ে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ!

ভেড়ামারায় ব্র্যাক ব্যাংক এজেন্টকে কুপিয়ে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ!

যুগান্ত বার্তাঃ কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়। হামলাকারীরা আউটলেটের স্বত্বাধিকারী রিপন আহমেদকে গুরুতর আহত করে এবং তার বাড়িতেও তাণ্ডব চালায়। এ ঘটনায় নারীসহ মোট চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে সাতবাড়িয়া এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে নাজিরুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রিপন আহমেদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। রিপন ঘর থেকে বের হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করা হয়।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে রিপনের মা রানুয়ারা বেগমকে (৬৫) হেনস্থা করা হয় এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা রিপনের ভাই রুবেল আহমেদ (৩২) ও ভাবি রেশমা খাতুনকেও (২৫) মারধর করে আহত করে। এক পর্যায়ে তারা ঘরের গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।পরে হামলাকারীরা বাড়ির পাশেই অবস্থিত ‘রিপন এন্টারইস’ নামক ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটে ঢুকে পড়ে। সেখানে তারা ভাঙচুর চালায় এবং সিসিটিভি ক্যামেরা ও এর ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) নিয়ে যায়। এরপর ড্রয়ারে থাকা নগদ সাড়ে ৯ লাখ টাকা লুট করে তারা পালিয়ে যায়।

ভুক্তভোগী রিপন আহমেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ব্যাংক থেকে সাড়ে ৯ লাখ এবং বাড়ি থেকে সাড়ে ৫ লাখ টাকা লুট করেছে। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার বেশি লুট হয়েছে বলে তিনি দাবি করেন।

হামলায় গুরুতর আহত রিপন আহমেদকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় রিপনের ভাই রুবেল আহমেদ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে  থানা অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, ঘটনাটি শোনার পরে ওখানে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ