পলাশবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

যুগান্ত বার্তাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে বিকাশ বাঁসফোর (২০) এবং মো. হায়দার মিয়ার ছেলে মো. আকাশ (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং স্টেশনের সামনে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির পেছনের সিটের নিচ থেকে পাটের বস্তায় পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মোস্তফা জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পরিদর্শক মো. মোস্তফা জামান বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কেবল ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার এবং তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানাই।"
Comments