জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও বিতর্ক অনুষ্ঠিত

জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও বিতর্ক অনুষ্ঠিত

যুগান্ত বার্তাঃ দেশব্যাপী ‘জুলাই বিপ্লব-২০২৪’ উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই বিপ্লব-২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক একটি সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা বা সহযোগিতার কারণেই সরকার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়।"

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জুলাই আন্দোলনকে 'দ্বিতীয় স্বাধীনতা' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "জুলাই আন্দোলন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। অনেক শিক্ষক-শিক্ষার্থী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সব বাধা পেরিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদেরই।" তিনি আরও যোগ করেন, "মানুষ হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা শুধরে নেব। মতাদর্শ যা-ই হোক না কেন, সবাইকে সহাবস্থান বজায় রাখতে হবে এবং স্বৈরাচারী মনোভাব পরিহার করতে হবে।"

আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক শারমিন আক্তার।

সেমিনারে আইন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও আহত হওয়া কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

সেমিনারের অংশ হিসেবে 'জুলাই বিপ্লব' কেন্দ্রিক একটি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হবে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা