গাজীপুর আদালত চত্বরে সিনেমা স্টাইলে আসামীর পলায়ন!

গাজীপুর আদালত চত্বরে সিনেমা স্টাইলে আসামীর পলায়ন!

যুগান্ত বার্তাঃ  গাজীপুর আদালত চত্বরে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঘটে গেল যেন সিনেমার এক দৃশ্য। হাজিরা দিতে আনা এক ডাকাতি মামলার আসামি হাতকড়া খুলে পুলিশের চোখে ধুলো দিয়ে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের তৎপরতায় ঝোপে লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়ে সেই আসামি।

আসামি মামুন ওরফে লাল চান টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেরবাড়ি খন্দকারপাড়া এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে। গাজীপুর কারাগার থেকে তাকে একটি ডাকাতি মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল।

ঘটনার নাটকীয় অংশ শুরু হয় আদালত চত্বরে হাজিরা শেষে। পুলিশের পাহারায় ফেরত নেয়ার সময় মামুন ফটকের কাছেই হঠাৎ কৌশলে হাতকড়া খুলে দৌড় দেয়! মুহূর্তেই চারপাশে চিৎকার, পুলিশ ও জনতা ছুটছে পেছনে। এক পুলিশ সদস্য আরেক আসামিকে হাতকড়া পরানো অবস্থায় নিয়ে দৌড়াচ্ছেন, সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন আদালতের দেয়াল টপকে পাশের একটি পরিত্যক্ত ঝোপে লুকানোর চেষ্টা করে। কিন্তু উপস্থিত জনতার তৎপরতায় ধরা পড়ে যায়। স্থানীয়রা সাহসিকতার পরিচয় দিয়ে ঝোপ থেকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেন।

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানার ডাকাতি মামলার আসামি মামুনকে আদালতে হাজিরা শেষে গারদে নেয়া হচ্ছিল। তখনই সে ফটকের কাছে পালানোর চেষ্টা করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ