রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

যুগান্ত বার্তাঃ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি সমাপ্ত চীন সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
গত ২১ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের সফর শেষে তিনি বুধবার রাতে দেশে ফেরেন। সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, কৌশলগত সম্পর্ক জোরদার, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে চীনের সহায়তার বিষয়ে আলোচনা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ আগস্ট সেনাপ্রধানকে পিএলএ সদরদপ্তরে পৌঁছালে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে তিনি জেনারেল চেন হুইর সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নেও চীনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ ছাড়া ২৩ আগস্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে তিনি পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাস, প্রশিক্ষণ সুবিধা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার ঘুরে দেখেন।
Comments