নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার

যুগান্ত বার্তাঃ গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রথম প্রহরে টঙ্গী পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা পাবনা জেলার ফরিদপুর থানার রুলদহ গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানার বামনারটেক নতুন রাস্তা এলাকায় ভাড়া থাকতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে কামারপাড়া ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় সোর্সের শনাক্তমতে সোহেল রানাকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার সহযোগীদের নিয়ে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন গ্রুপে প্রচারণা চালাচ্ছিলেন।

তার কাছ থেকে জব্দ করা একটি ‘Honor-200’ মডেলের মোবাইল ফোন পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোহেল রানা তার মোবাইলে ‘ক্র্যাক প্লাটুন গ্রুপ-০৭’ নামে একটি মেসেঞ্জার গ্রুপ (সদস্য ১৫-২০ জন), ‘ফরিদপুর ভাঙ্গুরা চাটমোহর গ্রুপ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ (সদস্য ৫০-১০০ জন) এবং ‘এমডি সোহেল রানা’ নামের একটি ফেসবুক আইডি (সদস্য ৩০০০) পরিচালনা করতেন।

পুলিশের ভাষ্যমতে, এই গ্রুপগুলো পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত সোহেল ও তার পলাতক সহযোগীরা "নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ" এর পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলসহ রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করে জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে সোহেল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা