শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে মাঠে নামছে ১৮ দফা নির্দেশনা

যুগান্ত বার্তাঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এক বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি বক্তব্য দেবেন। জানা গেছে, পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮ দফা নির্দেশনা দেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, নির্দেশনার মূল বিষয়গুলো হলো — পূজামণ্ডপে পুলিশ – র্যাব – আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ, আতশবাজি ও পটকা নিষিদ্ধকরণও নির্দেশনায় থাকবে। এছাড়া প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে সংস্কারের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
শুধু দুর্গাপূজা নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়ার প্রস্তুতিও রয়েছে সভায়। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি বিশেষ দিকনির্দেশনা দেবেন উপদেষ্টা ও সচিব।
Comments