নুরাল পাগলার লাশ তোলার নির্দেশদাতা গ্রেফতার-


যুগান্ত বার্তাঃ
  রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আব্দুল লতিফের বিষয়ে তথ্য পাওয়া যায়। তার নির্দেশেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, লতিফ নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে। এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।

এদিকে, সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ