দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে

যুগান্ত বার্তাঃ উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে আসায় এবং হিমেল হাওয়ার কারণে জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যার কারণে শীতের অনুভূতি বেশি ছিল।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের গরম কাপড়, মাফলার ও কম্বল জড়িয়ে বের হতে দেখা গেছে।
আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।
Comments