মোদি নিলেন না বাংলাদেশের নাম , বললেন ভারতের ঐতিহাসিক বিজয়

যুগান্ত বার্তাঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ইতিহাসের এক অভিন্ন মুহূর্ত হিসেবে বাংলার ইতিহাসে চিহ্নিত। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের পর পাকিস্তানি সেনারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে। এই দিনটি বাঙালি জাতির জন্য স্বাধীনতার চূড়ান্ত অর্জন এবং অগণিত শহীদদের স্মরণে শ্রদ্ধার প্রতীক। আজ সেই দিন, মহান বিজয় দিবস।
এ বছরও এই বিশেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি। তিনি লিখেছেন, বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের জন্য একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। মোদির ভাষায়, এই সেনাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। তিনি আরও উল্লেখ করেছেন, এই দিন তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয় এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে।
এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট প্রকাশ করে। তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করেছেন এবং বলেছেন, বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, বরং ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক। পোস্টে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। একসাথে তারা বাংলাদেশের স্বাধীনতার লড়াকে চূড়ান্ত স্বাধীনতার দিকে এগিয়ে নিয়েছিল। এটি এমন একটি বিজয়, যা শুধু ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নয়, দক্ষিণ এশিয়ার মানচিত্রকেও নতুনভাবে গড়ে তুলেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী পোস্টে আরও উল্লেখ করেছে, পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংসতা, অত্যাচার এবং নিষ্ঠুরতা চালিয়েছিল, ১৯৭১ সালের এই যুদ্ধ তার অবসান ঘটিয়েছে। মুক্তিযুদ্ধ ও ভারতীয় সেনার একাত্মতা বাঙালি জাতিকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছে, এবং এই বিজয় আজও দুই দেশের ইতিহাস ও সম্পর্কের গভীর প্রভাব রেখে যাচ্ছে।
Comments