হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় জামায়াত আমির

যুগান্ত বার্তাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।
ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি তিনি শহীদ শরিফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখার জন্য সেখানে যান। পরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে তিনি লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। শোকাহত পরিবারের সঙ্গে কথা হলেও এমন গভীর শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবার ও দেশবাসীর জন্য সবরে জামিল কামনা করেন।
জামায়াত আমির আরও বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধিত্ব করেন না; তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। এ কারণে তিনি সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে দলে দলে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। পাশাপাশি তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়ভারও দেশের জনগণের ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি বলেন, শহীদ ওসমান হাদি হোক আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। মহান আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন—এই দোয়ার মধ্য দিয়ে পোস্টটি শেষ করেন তিনি।
Comments