রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত অন্তত ছয়

যুগান্ত বার্তাঃ ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর-২ এলাকার পানির ট্যাংকি সংলগ্ন স্থানে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ হামলা হয়। এতে অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় এনসিপির কয়েকজন নেতাকর্মী পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। ওই সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। হামলায় তারা বিভিন্নভাবে আহত হন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় তিনি হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের আহ্বান করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
Comments