যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত, নির্বাচন হবে নির্ধারিত সময়ে: প্রধান উপদেষ্টা

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত, নির্বাচন হবে নির্ধারিত সময়ে: প্রধান উপদেষ্টা

যুগান্ত বার্তাঃ আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর, এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফোনালাপে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর প্রফেসর ইউনূসকে সম্প্রতি শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন। তবে অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ড. ইউনূস আরও উল্লেখ করেন, নির্বাচনের জন্য মাত্র ৫০ দিন বাকি। এই নির্বাচনের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, যাতে তা জনগণের জন্য স্মরণীয় হয়ে থাকে।

ফোনালাপের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা