রাজশাহীতে শিশু সাজিদের ঘটনায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে

রাজশাহীতে শিশু সাজিদের ঘটনায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে

যুগান্ত বার্তাঃ রাজশাহীর তানোরে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া সংশ্লিষ্ট দপ্তরে এই নোটিশ পাঠান।

তিনি জানান, ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে এবং সোমবার (১৫ ডিসেম্বর) এ বিষয়ে মামলা দায়ের করা হবে। মামলায় তিনজন আইনজীবী এবং শিশু সাজিদের পরিবারের একজন সদস্য বাদী হবেন।

লিগ্যাল নোটিশটি কৃষি মন্ত্রণালয়ের সচিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তানোরের সহকারী প্রকৌশলী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়ার জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, পরিত্যক্ত ও অরক্ষিত বোরহোলের কারণে শিশুর মৃত্যু কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও নজরদারির অভাবের ফল। এছাড়া বরেন্দ্র অঞ্চলে থাকা শত শত পরিত্যক্ত বোরহোল দ্রুত বন্ধ করার এবং অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় প্রশাসনও দ্রুত পদক্ষেপ নিয়েছে। শনিবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার অরক্ষিত বা ঝুঁকিপূর্ণ গভীর নলকূপগুলোর তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ব্যক্তিমালিকানায় অবৈধভাবে সেমিডিপ বসানোর জন্য খনন করা একটি পরিত্যক্ত বোরহোলে শিশু সাজিদ পড়ে মারা যান। প্রায় দুই বছর ধরে উন্মুক্ত থাকা এই গর্ত শিশুটির মর্মান্তিক মৃত্যুর কারণ হয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ