জামায়াত নায়েবে আমীর ডা. তাহেরের তুলনায় স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি

জামায়াত নায়েবে আমীর ডা. তাহেরের তুলনায় স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি

যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা অনুযায়ী, তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা। তবে তার স্ত্রী ডা. হাবিবা চৌধুরীর সম্পদের পরিমাণ স্বামীর তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি, যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকায়। স্বামী-স্ত্রী উভয়েই পেশায় চিকিৎসক।

রোববার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন ডা. তাহের। সেখানে তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা দায়ের হয়েছিল। তবে এসব মামলার অধিকাংশই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার কিংবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলেও তিনি হলফনামায় ঘোষণা দিয়েছেন।

সম্পদ বিবরণীতে দেখা যায়, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নামে মোট ১০ শতক কৃষিজমি ও ১৫ শতক অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ২২ লাখ ১৬ হাজার টাকা। অপরদিকে তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ও ১৫ কাঠা জমি, যার মূল্য ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা।

স্থাবর সম্পদের ক্ষেত্রে ডা. তাহেরের নামে সম্পদের পরিমাণ এক কোটি টাকা হলেও তার স্ত্রীর নামে তিনটি বাড়িসহ মোট স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৫০ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, ডা. হাবিবা চৌধুরীর নামে ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা এবং সঞ্চয়পত্রে ৪ লাখ ১ হাজার ৫৯৬ টাকা রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

নগদ অর্থের হিসাব অনুযায়ী, ডা. তাহেরের হাতে নগদ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা, আর তার স্ত্রীর কাছে নগদ অর্থের পরিমাণ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হিসেবে ডা. তাহেরের দায়িত্বের কারণে প্রতিষ্ঠানটির নামে কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে। অপরদিকে তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।

উল্লেখ্য, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত সৈয়দ মোদেরুল হক চৌধুরী এবং মা আকসিরে জাহান চৌধুরী।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা