কুরবানি সম্পর্কিত বিষয়টি আমার মুখ ফসকে বের হয়ে গেছে (স্লিপ অফ টাং): জামায়াত নেতা
যুগান্ত বার্তাঃ কুরবানি সম্পর্কিত বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ টি এম আজম খান। সম্প্রতি একটি সভায় কুরবানির সঙ্গে তুলনামূলক বক্তব্য দেয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করতে গিয়ে তিনি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেন। এতে কুরবানি সম্পর্কিত একটি তুলনা উঠে আসে, যা তার অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে।
বিবৃতিতে মাওলানা এ টি এম আজম খান আরও বলেন, পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় ত্যাগ ও আদর্শের নিদর্শন। এ ঘটনার সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেয়া তার উদ্দেশ্য ছিল না এবং তা তার বিশ্বাস ও আকিদার সম্পূর্ণ পরিপন্থী।
তিনি বলেন, ওই বক্তব্যের জন্য আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি। পাশাপাশি আমার বক্তব্যে যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করে তিনি বলেন, আল্লাহ যেন সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করেন।

Comments