ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ অনুষ্ঠিত হচ্ছে

যুগান্ত বার্তাঃ ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার, ৩ জানুয়ারি। সকাল ১০টায় রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা প্রতিবারের মতো এবারও দেশীয় ও আন্তর্জাতিক পণ্যের প্রচার, বিপণন ও রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আধুনিক ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, রপ্তানিমুখী শিল্পসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা সহজেই অংশ নিতে পারছেন। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় অন-স্পট টিকিট ক্রয়ের পাশাপাশি ই-টিকিটিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে, যা ভিড় ও সময় অপচয় কমাতে সহায়ক হবে।
এবারের মেলায় যাতায়াত ব্যবস্থায়ও যুক্ত করা হয়েছে নতুন সুবিধা। দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল বা বিশেষ ছাড়মূল্যে রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’ যুক্ত করা হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এসব উদ্যোগের মাধ্যমে দর্শনার্থীদের যাতায়াত ব্যয় ও সময় উভয়ই সাশ্রয় হবে এবং মেলায় অংশগ্রহণ আরও সহজ হবে।
প্রসঙ্গত, প্রতিবছরের মতো এ বছরও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচনা হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়। ফলে নির্ধারিত সময়সূচিতে সামান্য পরিবর্তন এনে আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ইতিহাস দীর্ঘ ও গুরুত্বপূর্ণ। ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার ও প্রসার, বিপণন এবং উৎপাদনে সহায়তার লক্ষ্যে এ মেলা রাজধানীর শেরেবাংলা নগরে নিয়মিত আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে স্বাস্থ্যবিধি ও মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবারের মতো পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হয়, যা স্থায়ী ও আধুনিক ভেন্যু হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
এবারও মাসব্যাপী এই বাণিজ্য মেলায় দেশীয় শিল্পের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠান, রপ্তানিমুখী পণ্য, হস্তশিল্প, প্রযুক্তি, কৃষিপণ্য ও ভোক্তাপণ্যসহ নানা ধরনের পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলবে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি বাজারও আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Comments