নকল কিম্বা প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

যুগান্ত বার্তাঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও বিশ্বমানের করার লক্ষ্যে সমন্বিত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি বিশেষ করে বলছেন, নকল ও প্রশ্নফাঁস আর কখনও শিক্ষাঙ্গনে ফিরে আসবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা আধুনিককরণের জন্য কারিকুলাম পর্যালোচনা করা হবে। শিক্ষার্থীদের ডিজিটাল লিটারেসি, ইংরেজি দক্ষতা, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসসহ চতুর্থ শিল্পবিপ্লবের প্রয়োজন অনুযায়ী শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ব্যাকডেটেড শিক্ষা পদ্ধতিতে আমাদের এগোতে হবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
এছাড়া শিক্ষামন্ত্রী জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নের কাজ হবে। শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অতীতে কে কী করেছে তার জবাবদিহি আমরা দেব না। তবে তার পূর্ববর্তী মেয়াদে কোনও দুর্নীতি ঘটেনি এবং এবারও তা হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে যেকোনো অনিয়মের অভিযোগ সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অতীতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা হয়েছিল এবং ভবিষ্যতেও শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা চলমান থাকবে।
Comments