নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ

যুগান্ত বার্তাঃ নির্বাচনী বাটোয়ারা নিয়ে তীব্র সমালোচনা করে বিরোধিতার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ । মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি এই মন্তব্য করেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, যারা নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়েছে, তাদের এখন বিরোধিতার নাটক করা থেকে বিরত থাকা উচিত। তার ভাষায়, বাটোয়ারা করে দেওয়া ও বাটোয়ারা মেনে নেওয়া একপক্ষে দাঁড়িয়ে আছে, আর জনগণ রয়েছে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রসমাজ—খুব কম দামে তাদের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।

পোস্টে তিনি আরও আশঙ্কা প্রকাশ করে লেখেন, জনগণের ন্যায্য লড়াইকে প্রভাবশালী গোষ্ঠী পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে গ্রাস করে ফেলবে। এই পরিস্থিতিতে তিনি দেশবাসীর জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন এ দেশের জনগণকে রক্ষা করেন।
এ মন্তব্যের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল –এর চেয়ারম্যান তারেক রহমান –এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় ৪৯ জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। এই প্রেক্ষাপটে মাহফুজের মন্তব্যকে ক্ষমতা বণ্টন ও বিরোধী রাজনীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে এক ধরনের কঠোর রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
Comments