সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

যুগান্ত বার্তাঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চলাচল টানা তিন দিন বা ৭২ ঘণ্টা বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে। গত ১ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এ বিধিনিষেধ কিছুটা শিথিল থাকবে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

 এ নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন-সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল চালানোর অনুমতি থাকবে।

নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনও এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন বা স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলে এ বিধিনিষেধ শিথিল থাকবে। বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিটের মতো প্রয়োজনীয় প্রমাণ প্রদর্শন-সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা হবে, যাতে যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন না হয়।

এ ছাড়া স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজনীয় ক্ষেত্রে এ বিধিনিষেধ আরও কঠোর কিংবা শিথিল করার ক্ষমতা রাখবেন।  

প্রজ্ঞাপন অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন করে প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্টরা একটি করে ছোট গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ