নিজ কার্যালয়েই যেভাবে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি

নিজ কার্যালয়েই যেভাবে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি

 যুগান্ত বার্তাঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর দাবি করেছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দুটি মার্কিন সূত্র ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানায়, শনিবার ভোরে ইরানে চালানো যৌথ হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোরও রয়েছেন। ইরানি একটি সূত্র রয়টার্সকে জানায়, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। সে সময়ই লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গেছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার খামেনির তেহরানের বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে। প্রকাশিত ছবিতে প্রাসাদসদৃশ স্থাপনাটি ধসে পড়া এবং চারপাশ কালো হয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। হামলার পরপরই এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে দাবি করা হয়, হামলায় খামেনির মেয়ে, নাতি, জামাতা ও পুত্রবধূও নিহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোক নেমে এসেছে। রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে শোকাবহ সংগীত ও ধর্মীয় তেলাওয়াত সম্প্রচার করা হচ্ছে এবং সরকারি ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা