রাইড শেয়ার চালকদের জন্য নতুন নিয়ম: শর্ত মেনে মিলবে দিনে ৫ লিটার তেল

যুগান্ত বার্তাঃ মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ারিং সেবায় যুক্ত চালকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এলাকায় কাজ করা রাইড শেয়ার চালকেরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রল সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং প্রকৃত চালকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব ৭শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি সংগ্রহে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চালকরা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় তেলের ধরন, পরিমাণ এবং মূল্য উল্লেখ করে একটি ক্রয় রশিদ বা বিল গ্রহণ করবেন। এই রশিদ সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের মূল কপি জমা দিতে হবে। এর মাধ্যমে প্রতিদিন কতটুকু জ্বালানি নেওয়া হচ্ছে, তার সঠিক হিসাব রাখা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এছাড়া তেল সরবরাহের আগে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চালকদের জ্বালানি সরবরাহ করা হবে।
বিপিসি জানিয়েছে, এই নিয়ম মূলত মহানগর এলাকায় রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য প্রযোজ্য হবে। শর্তগুলো মেনে চললে একজন চালক প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত পেট্রল বা অকটেন সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত রাইড শেয়ার চালকেরাই নির্ধারিত সুবিধা পাবেন। পাশাপাশি তেলের অপব্যবহার বা অবৈধ বিক্রি রোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
Comments