মন্ত্রীকে ‘নাস্তিক’ মন্তব্যে, আমির হামজার বিরুদ্ধে মামলা

মন্ত্রীকে ‘নাস্তিক’ মন্তব্যে, আমির হামজার বিরুদ্ধে মামলা

যুগান্ত বার্তাঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অশালীন মন্তব্য করার অভিযোগে জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। এতে তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা মুফতি আমির হামজার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন দায়িত্বশীল মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও অশালীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা