দেশের খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর


দেশে খালি জায়গায় গড়ে উঠবে খেলার মাঠ, ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুগান্ত বার্তাঃ দেশের ক্রীড়া উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ তৈরি করা হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এটি দেশের মানুষের আবেগের সঙ্গে জড়িত। খেলাধুলাকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যাতে এটিকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করা যায়।

তিনি আরও জানান, খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালু করেছেন। এর মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করার লক্ষ্যে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে, যেখানে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে এবং তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব সরকার গ্রহণ করবে।

খেলার মাঠ নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সারা দেশে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় মাঠ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যেসব স্থানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, সরকার দেশের ক্রীড়া উন্নয়নে সবসময় জনগণের পাশে রয়েছে এবং খেলাধুলাকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দিতে চায়।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা