বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা- স্পিকারের মন্তব্যে উচ্ছ্বাস

যুগাম্ত বার্তাঃ বাংলাদেশে ফুটবলপ্রেমীদের আবেগের বড় একটি অংশজুড়ে রয়েছে আর্জেন্টিনা। সেই বাস্তবতাই আবারও উঠে এলো জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যে। তিনি বলেছেন, আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল এবং আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্য কামনা করেন তিনি। একই সঙ্গে দেশের ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন স্পিকার।
শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস। তাকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস দেখে স্পিকার বলেন, “মিস্টার মার্সেলো যখন বক্তব্য দিতে ওঠেন, তখন সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল।” তিনি আরও বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি।
বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি মন্তব্য করেন, গত দুই দশকে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব বেড়ে গেছে, যা খেলাধুলার জন্য ক্ষতিকর। আগে ক্রীড়াপ্রেমীরা খেলাধুলার উন্নয়নে কাজ করতেন, এখন অনেকে ব্যক্তিস্বার্থে ক্রীড়াঙ্গনে আসছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, খেলাধুলাকে রাজনীতিমুক্ত রেখে প্রকৃত ক্রীড়ামোদিদের সামনে নিয়ে আসতে হবে।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে পুরো একাডেমি প্রাণবন্ত হয়ে ওঠে। ছোট শিশুদের ফুটবল চর্চা দেখে আবেগাপ্লুত হন স্পিকার। তিনি বলেন, যশোর তার অত্যন্ত প্রিয় শহর এবং এই শহরের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে।
স্পিকার আরও বলেন, শামস-উল-হুদার নামে স্টেডিয়াম ও ফুটবল একাডেমি প্রতিষ্ঠা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ। তিনি উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, এমন ক্রীড়ামোদী আরও থাকলে বাংলাদেশ অনেক আগেই আন্তর্জাতিক ফুটবলে বড় অবস্থানে যেতে পারত।
অনুষ্ঠানে উপস্থিত বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতে আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে।
অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির কার্যক্রম ও শিশুদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ থেকেই ভবিষ্যতে বাংলাদেশের নতুন ফুটবল তারকারা উঠে আসবে এবং দেশের ফুটবল আরও এগিয়ে যাবে।
Comments