দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

যুগান্ত বার্তাঃ দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে এবং হাজারেরও বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে গত কয়েক সপ্তাহ ধরে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।

গত ২৪ ঘণ্টায় শুধু হাম বা এর উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন শিশু। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০৫ জন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।

মৃত্যুর পরিসংখ্যানেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু নিশ্চিত হামেই এখন পর্যন্ত মারা গেছে ৬৫ জন। পাশাপাশি সন্দেহজনক হাম রোগে আরও ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৫০৩ জন রোগী। এর মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ হাজার ১১৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ