নিজেই গাড়ি চালিয়ে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী
যুগান্ত বার্তাঃ রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে, তা সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পর নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি দেখতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করেন। এরপর গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা ঘুরে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক পর্যন্ত যান।
পরে তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ এলাকা পরিদর্শন করেন। এরপর নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়া বাজার ও বংশাল হয়ে গুলিস্তান পর্যন্ত যান।
সেখান থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান ও মিরপুর রোড ঘুরে সীমান্ত স্কয়ার ও জিগাতলা বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনের কথাও জানান উপ-প্রেস সচিব।
শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ি মানিক মিয়া এভিনিউ ও মহাখালী সড়ক প্রদক্ষিণ করে বলে জানা গেছে।
রাজধানীতে ঈদুল আজহার পর দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দিন-রাত কাজ করছেন। সেই কার্যক্রমের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর এই সরেজমিন পরিদর্শনকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

Comments