নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক জার্সি, দাম উঠতে পারে কোটি ডলারের ওপরে!

নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক জার্সি, দাম উঠতে পারে কোটি ডলারের ওপরে!

যুগান্ত বার্তাঃ ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক এবার নিলামে উঠতে যাচ্ছে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে’র ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক ১০ নম্বর জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবিস। ধারণা করা হচ্ছে, এই জার্সি ক্রীড়া স্মারকের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে।

নিলাম প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, চলতি বিশ্বকাপ চলাকালীন সময়েই এই বিশেষ নিলাম অনুষ্ঠিত হবে। আয়োজনের কেন্দ্রবিন্দু হবে পেলে’র সেই বিখ্যাত জার্সি, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক স্মারকগুলোর একটি হিসেবে বিবেচিত।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল। মাত্র ১৭ বছর বয়সী পেলে সেই ম্যাচে দুটি গোল করে বিশ্বমঞ্চে নিজের আগমন জানান দেন। সেই টুর্নামেন্ট থেকেই তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন এবং পরবর্তীতে ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন।

সদবিসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই জার্সিটি নিলামে ৬০ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটির টাকারও বেশি। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত নিলাম কার্যক্রম চলবে।

এই ঐতিহাসিক জার্সির সঙ্গে জড়িয়ে আছে একটি আবেগঘন গল্পও। ১৯৫৮ সালের ফাইনালের পর পেলে জার্সিটি তার সতীর্থ ও বন্ধু দিদাকে উপহার দেন। দিদার পরিবার দীর্ঘদিন এটি সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে এটি একটি জাদুঘরে স্থান পায়। এর আগে ২০০৪ সালেও এই জার্সি নিলামে তোলা হয়েছিল।

ক্রীড়া স্মারক বিক্রির ইতিহাসে সবচেয়ে দামী জার্সির রেকর্ড বর্তমানে দখলে রয়েছে মাইকেল জর্ডানের। ২০২২ সালে তার ‘লাস্ট ডান্স’ মৌসুমের জার্সি বিক্রি হয়েছিল প্রায় ১০১ লাখ ডলারে। একই বছরে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সিও প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়।

এবারের নিলামে শুধু পেলের জার্সিই নয়, আরও কিছু ঐতিহাসিক স্মারকও রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের ‘হ্যান্ড অব গড’ ম্যাচের একটি আর্মব্যান্ড এবং লিওনেল মেসির ব্যবহৃত কিছু সংগ্রহযোগ্য স্মারক, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এই নিলামকে ফুটবল ইতিহাসের অন্যতম বড় স্মারক বিক্রির আয়োজন হিসেবে দেখা হচ্ছে, যেখানে কিংবদন্তিদের স্মৃতি নতুন করে মূল্যায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ